বৈষ্ণবনগর, ১০ সেপ্টেম্বর: গঙ্গার জলস্তর ক্রমশ বাড়তে থাকায় মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জলমগ্ন বহু রাস্তা ও এলাকা। এমন প্রতিকূল পরিস্থিতিতেও স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে ঝুঁকি নিয়ে প্রতিদিন কর্মস্থলে পৌঁছচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
পার দেওনাপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্মরত স্বাস্থ্যকর্মীদের এক হাঁটু জল পেরিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে। সঙ্গে থাকছে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী। জলমগ্ন রাস্তা দিয়েই প্রতিদিন তাঁদের এই যাতায়াত চলছে।
বন্যার জেরে এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। জলবন্দি বহু পরিবারের মধ্যে অসুস্থতা ও নানা স্বাস্থ্য সমস্যার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেদিকে নজর রেখে কাজ করে চলেছেন কর্মীরা।
স্থানীয় বাসিন্দাদের মতে, দুর্গম পরিস্থিতির মধ্যেও নিয়মিত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঙ্গার জলস্তর বাড়ায় এখনও বহু পরিবার জলবন্দি। তার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই ছবি নজর কেড়েছে এলাকায়।
নতুন গতি 





























