ইলিয়াস মল্লিক, হাওড়া: জগৎবল্লভপুর থানার মুন্সীরহাট চাঁদনীর মোড় এলাকায় KYC আপডেটের নামে গ্রাহকদের অগ্নিনির্বাপক সরঞ্জাম নিতে বাধ্য করার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, KYC আপডেটের জন্য গ্রাহকদের ডিস্ট্রিবিউটরের অফিসে ডেকে অটো ফায়ার ও পাইপ সরঞ্জাম নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। সরঞ্জাম নিতে অস্বীকার করলে KYC আপডেট করা হবে না বলেও অভিযোগ গ্রাহকদের।
এর প্রতিবাদে সোমবার মুন্সীরহাট চাঁদনীর মোড় সংলগ্ন হাওড়া-আমতা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাহকরা। দীর্ঘক্ষণ চলে প্রতিবাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জগৎবল্লভপুর থানার পুলিশ। যদিও গ্রাহকদের অভিযোগ অস্বীকার করেছে ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ। তাদের দাবি, কাউকে জোর করে অগ্নিনির্বাপক সরঞ্জাম দেওয়া হচ্ছে না। গ্রাহকরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্বেচ্ছায় সরঞ্জাম নিতে চাইলে তবেই তা দেওয়া হচ্ছে। তবে এই বক্তব্য মানতে নারাজ বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, KYC আপডেটের সঙ্গে অগ্নিনির্বাপক সরঞ্জাম নেওয়ার বিষয়টি কার্যত বাধ্যতামূলক করা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা থাকলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নতুন গতি 
























