মালদা: গঙ্গার জল কমতেই ফের ভয়াবহ ভাঙন শুরু হয়েছে মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামটোলা এলাকায়। ভোর থেকে আচমকাই ব্যাপক হারে পাড় ভাঙতে শুরু করে। মুহূর্তের মধ্যে প্রায় ২০ থেকে ২২টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। চোখের সামনে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি, মন্দির ও স্কুল নদীতে চলে যাওয়ায় আতঙ্কে বাড়ির আসবাবপত্র সরিয়ে এলাকা ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকেই গঙ্গায় ভাঙন শুরু হয়েছিল। তবে তখন ভাঙনের তীব্রতা তুলনামূলক কম ছিল। ভোর থেকে পরিস্থিতি আচমকাই ভয়াবহ হয়ে ওঠে। একের পর এক বাড়ি, গাছপালা, রাস্তাঘাট ও পরিকাঠামো নদীগর্ভে তলিয়ে যেতে থাকে। এদিন সম্পূর্ণভাবে গঙ্গায় তলিয়ে যায় জিতুটোলা প্রাথমিক বিদ্যালয়। মুলিরামটোলা প্রাথমিক বিদ্যালয়েরও সিংহভাগ নদীগর্ভে চলে গিয়েছে। বাকি অংশটুকুও যে কোনও মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙনের কবলে পড়েছে জিতুটোলার মনসা মন্দিরও। রাধাগোবিন্দ মন্দিরের সামগ্রী-সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্রও সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে অদূর ভবিষ্যতে মহানন্দটোলার বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। দ্রুত ভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩
BREAKING :
মহানন্দটোলা গিলছে গঙ্গা, ২২ বাড়ি নিশ্চিহ্ন—আতঙ্কে গ্রামবাসী
-
নতুন গতি - আপডেট : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























