ভূতনি: বন্যাদুর্গতদের জন্য পাঠানো সরকারি ত্রাণ বণ্টনে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার মানিকচক বিধানসভা এলাকার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৩৭ নম্বর বুথের আলাদিয়া এলাকায়। অভিযোগ, ত্রাণ বণ্টনের সময় একাংশের বাসিন্দাকে সামান্য পরিমাণ সামগ্রী দেওয়া হলেও কয়েকজন ব্যক্তি বেশি পরিমাণে ত্রাণ নিয়ে গিয়েছেন।
স্থানীয়দের দাবি, ত্রাণ নেওয়ার সময় আধার কার্ড দেখানোর কথা ছিল এবং বন্যাদুর্গত পরিবারগুলির মধ্যে সমানভাবে সামগ্রী বণ্টনের কথা বলা হয়েছিল। কিন্তু অভিযোগ, এক বাসিন্দাকে মাত্র ২০ গ্রাম গুড় ও ১০০ গ্রাম চিঁড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, কয়েকজন ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে যুক্তদের এক বস্তা-দু’বস্তা করে ত্রাণ নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। যদিও অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ত্রাণ বণ্টনকে কেন্দ্র করে হাতাহাতির অভিযোগও উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ বিজেপি সদস্য অমল চৌধুরীর বাড়ি ঘেরাও করেন বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
তবে অভিযোগ নিয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। তদন্ত হলে ত্রাণ বণ্টনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।
নতুন গতি 





























