মালদা: মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মালদায় সাফাই অভিযানে নামল জেলা বিজেপি। শুক্রবার সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলী, রাজ্য সম্পাদক অজিত দাস-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকা-সহ শহরের বিভিন্ন প্রান্তে সাফাই অভিযানে অংশ নেন বিজেপির নেতা-কর্মীরা। হাতে ঝাঁটা নিয়ে পরিচ্ছন্নতার কাজে যোগ দেন ইংরেজবাজারের বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি। শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন দলীয় কর্মীরা।
কর্মসূচি থেকে সাধারণ মানুষকেও শহর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের বক্তব্য, মহাত্মা গান্ধীর স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার ভাবনাকে সামনে রেখেই এই সাফাই অভিযান। গান্ধীজয়ন্তীর তাৎপর্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
নতুন গতি 


















