মাটিগাড়া: জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে মাটিগাড়ার সিটি সেন্টার মল ও সংলগ্ন এলাকায় বিশেষ রাত্রিকালীন পুলিশি অভিযান চালানো হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের নির্দেশে ১২ সেপ্টেম্বর রাত থেকে ১৩ সেপ্টেম্বর ভোর পর্যন্ত এই বিশেষ নজরদারি অভিযান পরিচালিত হয়। ১৩ সেপ্টেম্বর রাত ২টা থেকে ভোর ৩টা পর্যন্ত উত্তরণ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের তত্ত্বাবধানে পুলিশকর্মী এবং উইনার্স টিমের সদস্যরা মল চত্বর ও আশপাশের এলাকায় টহল ও নজরদারি চালান।
অভিযান চলাকালীন মল চত্বর-সহ সংলগ্ন বিভিন্ন এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা হয়। পাশাপাশি, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও অপরাধমূলক কার্যকলাপ ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়।
পুলিশের দাবি, রাত্রিকালীন নজরদারির সময় গোটা এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা বা অপরাধমূলক কার্যকলাপের খবর পাওয়া যায়নি। জনসাধারণের অবগতির জন্য অভিযান চলাকালীন ভিডিওচিত্রও প্রকাশ করা হয়েছে।
নতুন গতি 





























