আনজুম মুনির, পূর্ব বর্ধমান: কাটোয়ার প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে গ্রেফতার ঘিরে মঙ্গলবার কাটোয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, তাঁর দলীয় কার্যালয়ের ঠিক উল্টো দিকের একটি গুদামঘর থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল সহ একাধিক সরকারি ত্রাণসামগ্রী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগ ত্রিপল ও কাপর এই কার্যালয় থেকে পাচার হচ্ছিল, তা হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা ও বিজেপি কর্মীরা। তারপরেই শুরু হয় উত্তেজনা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রাক্তন বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং “চোর চোর” স্লোগান তোলেন একাংশের মানুষ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সরকারি সামগ্রীর উৎস এবং সেগুলি কীভাবে ওই গুদামঘরে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের স্বার্থে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলগুলি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সরকারি সামগ্রী এবং তার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে।
নতুন গতি 
























