খান আরশাদ, বীরভূম :
বিশ্ব উষ্ণায়ন, বায়ু দূষণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বীরভূমের রাজনগরে একটি সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয়। রাজনগর ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
রবিবার সকালে রাজনগর চৌরাস্তা মোড় থেকে র্যালির সূচনা হয়। সাইকেল আরোহীরা বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার নিয়ে রাজনগর ব্লক অফিসের উদ্দেশ্যে রওনা দেন। এদিন র্যালিতে ‘World Bicycle Day Special’ শীর্ষক ব্যানার বহন করা হয়, যেখানে ‘Let’s Ride For A Fitter Bharat’ ও ‘Fight Obesity’ অর্থাৎ সুস্থ ভারতের লক্ষ্যে সাইকেল চালাই’ এবং ‘স্থূলতা প্রতিরোধ করি’-এর মতো বার্তার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস এবং পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। র্যালির মাধ্যমে পরিবেশ রক্ষায় সাইকেলের গুরুত্ব, জ্বালানি সাশ্রয় এবং সুস্থ জীবনযাপনের বার্তা প্রচার করা হয়।
এদিনের কর্মসূচিতে অংশ নেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শহীদ মোয়াজ্জম, ব্লক ইউথ অফিসার অনিকেত দত্ত, রজনগর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দলনেতা অনুপ গড়াই সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
অনুপ গড়াই বলেন সাইকেল শুধু একটি পরিবহণ মাধ্যম নয়, এটি পরিবেশ রক্ষা ও সুস্বাস্থ্যের অন্যতম হাতিয়ার। নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে যেমন শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ দূষণও অনেকাংশে হ্রাস করা সম্ভব। বর্তমান প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করতে এবং একটি সুস্থ, সবুজ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তাঁরা মত প্রকাশ করেন।
রাজনগর ব্লক অফিসে পৌঁছে র্যালির সমাপ্তি হয়। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি এলাকার মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
নতুন গতি 






















