দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: সন্ত্রাস ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। ঘটনাকে ঘিরে শোরগোল দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা এলাকায়। ধৃত ব্যক্তির নাম শেখ ওয়াসুল। তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙামাটি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল – কখনও চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া, ভয় দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা, নির্বাচনের আবহে ভোটারদের প্রভাবিত ও চাপ সৃষ্টি করা।
স্থানীয় সূত্রে খবর, নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করার অভিযোগে বেশ কয়েকজন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে তৃণমূলের বহু নেতা ও নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ শেখ ওয়াসুলকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তবে তাকে কি কারনে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই তিনি অস্বীকার করেন।
নতুন গতি 




























