খান আরশাদ, বীরভূম:
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি)। সিউড়ি থানার পুলিশের সহযোগিতায় খটঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এলপিজি (রান্নার গ্যাস) ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিভিন্ন সংস্থার মোট ৩২টিরও বেশি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ব্যক্তি ভারত গ্যাস, ইন্ডেন ও এইচপি গ্যাসের গার্হস্থ্য (বাড়ীর রান্নার) এলপিজি সিলিন্ডার প্রতারণার মাধ্যমে সংগ্রহ করে অবৈধভাবে মজুত ও বিক্রি করছিল বলে অভিযোগ। এই বেআইনি ব্যবসার খবর পেয়ে ডিইবি ও সিউড়ি থানার যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় বিপজ্জনক অবস্থায় অনেকগুলো খালি ও ভর্তি গ্যাস সিলিন্ডার মজুত অবস্থায় পাওয়া যায়, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল।
অভিযানে মোট ৩২টিরও বেশি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলির মধ্যে ভারত গ্যাস, ইন্ডেন ও এইচপি-র সিলিন্ডার রয়েছে বলে জানা গেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই এই চক্রটি সক্রিয় ছিল এবং গার্হস্থ্য ব্যবহারের জন্য বরাদ্দ ভর্তুকিযুক্ত সিলিন্ডার অবৈধভাবে বিক্রির মাধ্যমে মোটা অঙ্কের মুনাফা করা হচ্ছিল।
অভিযুক্তকে গ্রেপ্তার করে সিউড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং এই অবৈধ ব্যবসার নেপথ্যে আরও বড় কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা এবং ভর্তুকিযুক্ত এলপিজির অপব্যবহার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নতুন গতি 




















