খান আরশাদ, বীরভূম:
এলাকার সামগ্রিক উন্নয়ন এবং সরকারি প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত করতে বীরভূমের খয়রাশোল ব্লকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পর্যালোচনা (Development Review) বৈঠক অনুষ্ঠিত হল।
খয়রাশোল ব্লকে জনকল্যাণমূলক প্রকল্পের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডক্টর সৈয়দ সঞ্জয় হোসেন সহ ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত প্রধানরা।
বৈঠকে ব্লকের প্রতিটি পঞ্চায়েতের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি, বকেয়া প্রকল্প এবং সরকারি তহবিলের সঠিক ব্যবহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আগামী বাজেটের আগেই সমস্ত অসমাপ্ত কাজ শেষ করার লক্ষ্যে প্রতিটি পঞ্চায়েতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে শতভাগ সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামীকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠককে সামনে রেখে খয়রাশোল ও দুবরাজপুর ব্লকের প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করে এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।
বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী জানান, আগামী এক মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা এবং এমজিএনআরইজিএ-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য, প্রতিটি পঞ্চায়েতে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক উন্নয়ন গড়ে তোলা।
নতুন গতি 
























