আনজুম মুনীর, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে। হাসপাতালের পরিকাঠামোর অভাব, চিকিৎসক সংকট ও পর্যাপ্ত পরিষেবা না মেলায় সমস্যায় পড়তে হতো রোগীদের। সেই পরিস্থিতি বদলাতেই এবার সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে নামলেন বিনপুরের নবনির্বাচিত বিধায়ক ডাক্তার প্রণত টুডু।
এদিন বিনপুর বিধানসভা এলাকার একাধিক সরকারি হাসপাতাল আচমকা পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন বিনপুর ২ ব্লকের বিডিও মৃন্ময় পাল ও যুগ্ম বিডিও সেক সাজিদুর রহমান। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন বিধায়ক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিনপুর এলাকার হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। নির্বাচনী প্রচারের সময় থেকেই এলাকার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন প্রণত টুডু। দায়িত্ব নেওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তৎপরতা শুরু করেছেন তিনি। হাসপাতাল পরিদর্শনের সময় রোগীরাও সরাসরি তাদের সমস্যা ও অভাব-অভিযোগ বিধায়কের সামনে তুলে ধরেন।
পরিদর্শন শেষে প্রণত টুডু জানান, হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও ঘাটতিগুলি খতিয়ে দেখা হয়েছে। দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পান, সেই বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিলদা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক বেবী বাস্কে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার কথা জানানো হলেও সুরাহা হয়নি। নতুন সরকারের আমলে সমস্যার সমাধান হবে এবং মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে বলেই আশাপ্রকাশ করেন তিনি। অন্যদিকে বিনপুর ২-এর বিএমওএইচ অমরেন্দ্র রায়ও হাসপাতালের একাধিক পরিকাঠামোগত সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
নতুন গতি 




























