হুগলি ও উত্তর ২৪ পরগনা: মধ্যরাতে সিপিএমের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তারকেশ্বর ও আগরপাড়ায়। তারকেশ্বরের মুক্তারপুরে প্রায় ৪০ বছরের পুরনো সিপিএম কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে আসবাবপত্র, টিভি, দলীয় নথি ও দেওয়ালে টাঙানো নেতাদের ছবি পুড়ে নষ্ট হয়। পার্টি অফিসের পাশে রাখা তৃণমূল নেতার একটি গাড়িতেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, আগরপাড়ার উষুমপুরে ৫০ বছরেরও বেশি পুরনো ‘প্রমোদ দাশগুপ্ত স্মৃতি ভবন’-এ আলো নিভিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় ক্ষুব্ধ সিপিএম কর্মী-সমর্থকদের ভিড়ে উত্তেজনা ছড়ায়। ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই ঘটনাতেই সিপিএমের অভিযোগের তির বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির দাবি, তাদের কেউ জড়িত নয়; তৃণমূলের লোকজনই হামলার নেপথ্যে। দুটি ঘটনায়ই তদন্ত শুরু করেছে পুলিশ।
নতুন গতি 




























