মালদা: আবাস যোজনায় কাটমানি নেওয়া-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে পঞ্চায়েত কর্মীকে গ্রেফতারের পর এবার তাঁর ভাই, পেশায় সিভিক ভলান্টিয়ার রতন মণ্ডলকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। এর আগে গ্রেফতার করা হয়েছিল কালিয়াচক-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর সন্দীপ মণ্ডলকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার রামাশংকরটোলা এলাকার বাসিন্দা সন্দীপের বিরুদ্ধে গত ১৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ভাই রতন মণ্ডলের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে খবর। এরপরই রতনকে গ্রেফতার করা হয়। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কত টাকা নেওয়া হয়েছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সিভিক ভলান্টিয়ার রতন মণ্ডল। ঘটনার তদন্ত চলছে।
নতুন গতি 



















