গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সিপিআইএম ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল ভাঙড় ১ নম্বর ব্লকের বাজারআইট এলাকায়। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ।
সিপিআইএমের অভিযোগ, আইএসএফ কর্মী-সমর্থকদের হামলায় তাঁদের পাঁচজন কর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়।
অন্যদিকে, সিপিআইএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও আইএসএফ নেতা-কর্মী ও সমর্থকদের মারধরের পাল্টা অভিযোগ উঠেছে। যদিও সিপিআইএমের অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। তাদের দাবি, ঘটনাটি সম্পূর্ণ জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে সিপিআইএম—এমনই অভিযোগ আইএসএফের।
সিপিআইএমের পাল্টা দাবি, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে।
ঘটনায় উভয় পক্ষই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সংঘর্ষের প্রকৃত কারণ এবং কারা জড়িত, তদন্তের পরই তা স্পষ্ট হবে।
নতুন গতি 























