দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: আরও বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে, নির্বাচনী হলফনামায় তথ্য গোপনে অভিযোগ তুলে, তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, তখন যেই রিটার্নিং অফিসার ত্রুটি থাকা সত্ত্বেও তাঁর মনোনয়ন নিয়েছিলেন, তাঁর বিরুদ্ধেও তদন্তের কথা জানিয়েছেন তিনি।
গোকুল নগরে শহীদ স্মরণের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “নির্বাচনের সময় উনি নিজের হলফনামায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। স্ক্রুটিনির সময় একাধিক প্রার্থী এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তৎকালীন রিটার্নিং অফিসার, যিনি দায়িত্বে ছিলেন, সেই আপত্তি খারিজ করে দেন। তথ্য গোপন সত্ত্বেও তিনি স্ক্রুটিনিতে আটকাননি। আমি এটা নিয়ে মামলা করব, এসব করা যায় না।”
প্রসঙ্গত, সোমবার ১৩ বছর আগের এক পুরোনো মামলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কালীঘাট থানার আধিকারিকদের নিয়ে আসেন দিল্লি পুলিশের আধিকারিকরা। সূত্রের খবর, নোটিসে উল্লেখ করা হয়েছে মামলাটি ২০১৩ সালের এবং হয়েছিল পার্লামেন্ট স্ট্রিট থানায়। শুধু তাই নয়, সরকারি কাজে বাধা, আধিকারিকদের উপর হামলা সহ নানা ধারার উল্লেখও করা হয়েছে। জানা যাচ্ছে, দিল্লী পুলিশ জানিয়েছে, ঠিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর নেওয়া হবে। এই আবহে তাঁর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর নতুন মামলা দায়ের করতে চলা যে বিষয়টি আরও স্পর্শকাতর করে দেবে, তা বলাই বাহুল্য। এবার দেখার, আগে কী হয় এবং জল কতদূর গড়ায়।
নতুন গতি 












