নতুন গতি,হুগলী: ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়লেন হুগলি জিলা পরিষদের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস। মঙ্গলবার তাঁকে ঘুষের টাকা নেওয়ার সময় ধরে ফেলে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)। এই ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে জিলা পরিষদে।
জানা গিয়েছে, পোলবার ঠিকাদার মুক্তরাম ঘোষের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। ঠিকাদারের একটি কাজের জন্য প্রায় ২ লক্ষ ৬ হাজার টাকা পাওনা ছিল। সেই পাওনা টাকা পাওয়ার জন্য যোগাযোগ করলে ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ করেন ঠিকাদার।
এরপর বিষয়টি জানিয়ে দুর্নীতি দমন শাখায় অভিযোগ করেন মুক্তরাম ঘোষ। অভিযোগের ভিত্তিতে পরিকল্পনা করে মঙ্গলবার ঘুষের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এসিবির আধিকারিকদের নির্দেশ মতো ২০ হাজার টাকার নোটে বিশেষ রাসায়নিক লাগিয়ে সেই টাকা নিয়ে ইঞ্জিনিয়ারের ঘরে যান ঠিকাদার।
অভিযোগ, সুমন দাস ওই টাকা হাতে নেওয়া মাত্রই সেখানে ঢুকে পড়েন এসিবির আধিকারিকরা। তাঁর কাছ থেকে রাসায়নিক মাখানো ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকা হাতে নেওয়ার প্রমাণ হিসেবে তাঁর হাত জল দিয়ে ধোওয়ানো হলে হাতের রং বেগুনি হয়ে যায় বলে জানা গিয়েছে।
ঘটনার পর চুঁচুড়া থানার আইসি উত্তম শর্মা-সহ পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। ঘুষ চাওয়ার অভিযোগের পাশাপাশি টাকা লেনদেনের সঙ্গে আর কেউ যুক্ত ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
নতুন গতি 


























