মালদা: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো চাকু দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামী নুর আলম শেখের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাস্তুরি বিবি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নতুন নঘরিয়া নীচুটোলা এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে নুর আলম শেখের সঙ্গে কাস্তুরি বিবির বিয়ে হয়। তাঁদের এক পুত্র ও এক কন্যা রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই কাস্তুরিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নুর আলম। চার মাস আগে তাঁর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।
নুর আলম পেশায় শ্রমিক। কয়েক মাস আগে টাওয়ারের কাজে ভিনরাজ্যে যান তিনি। তিন দিন আগে বাড়ি ফেরেন।
অভিযোগ, শনিবার সকালে বাবার বাড়িতে ঘুমিয়ে থাকা কাস্তুরিকে হঠাৎ ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করেন নুর আলম। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কাস্তুরি। পরে তাঁকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর নুর আলম পালিয়ে যান বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
নতুন গতি 




























