নতুন গতি প্রতিবেদন, দক্ষিণ দিনাজপুর: পানীয় জল সরবরাহের লাইনে সমস্যার জেরে দুদিন ধরে জলহীন বালুরঘাট পুরসভা। মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে পরিষেবা। বুধবারও একই অবস্থা বলে জানা গিয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। অনেকে প্রয়োজন মেটাতে বাইরে থেকে জল কিনছেন।
সূত্রের খবর, রবিবার ফাটল ধরা পড়ে ডাঙাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে মঙ্গলপুর ভিডিয়ো হল এলাকায় জাতীয় সড়কের নীচ দিয়ে যাওয়া জল সরবরাহের মূল পাইপলাইনে। সোমবার মেরামতির কাজ শুরু হয়। তবে কাজের সময়ে সরবরাহ ব্যবস্থা চালু রাখা সম্ভব নয় বলে মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয় শহরে পানীয় জল পরিষেবা। বুধবারও মেরামতির কাজ চলবে বলে খবর। আত্রেয়ী নদীর জল হোসেনপুর কেন্দ্রে পরে পরিশোধনের পাইপলাইনের দ্বারা শহরের নানা ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছনো হয়।
এই প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেছেন, “মূল পাইপলাইনে সামান্য লিকেজ় ধরা পড়েছে। সেটি মেরামতির কাজ শুরু হয়েছে। বুধবার পর্যন্ত কাজ চলবে। সেই কারণেই দু’দিন জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।”
নতুন গতি 




















