নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন খাবারের মান যাচাই করতে প্রশাসনিক অভিযান ঘিরে তোলপাড় চলছে, ঠিক তখন উদ্বেগজনক দৃশ্য দেখা গেল ময়নাগুড়ি পুরসভায়। সেখানে নেই ফুড ইন্সপেক্টর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার পুজোয় কি ভজনরসিকদের পাতে উঠতে চলেছে বাসি খাবার?
বিগত কয়েকদিন খাবারের মান যাচাই ঘিরে প্রশাসনের অভিযানের প্রশংসা করলেও সাধারণ মানুষ মনে করছেন, দু-একদিনের পরিবর্তে লাগাতার অভিযানের প্রয়োজন। ময়নাগুড়ি নাগরিক চেতনার সম্পাদক অপু রাউতের বক্তব্য, “হঠাৎ করে এক বা দু’দিন অভিযান চালিয়ে কোনও লাভ নেই। ধারাবাহিকভাবে তা করতে হবে। পুরসভা কিংবা ব্লকে ফুড ইনস্পেকটর থাকা জরুরি।’ লাগাতার নজরদারির দাবি জানানো হয়েছে প্রবীণ নাগরিক সংস্থার সম্পাদক স্বপন দাসের তরফ থেকেও।
মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি বাজারে দেখা যায় একাধিক বিক্রেতা খোলাভাবে খাবার বিক্রি করছেন এবং তাতে যেমন ধুলোবালি উড়ছে তেমনি মাছিও ভনভন করছে। প্রশাসনিক অভিযানের পরও এমন পরিস্থিতি হলে পুজোর সময় কেমন অবস্থা হবে? প্রশ্ন তুলেছেন এক কলেজ পড়ুয়া। যদিও এক ফাস্ট ফুড বিক্রেতা বলেছেন, “আমরা পরিষ্কার-পরিচ্ছন্নভাবেই খাবার তৈরি এবং বিক্রি করি। ফুড সেফটি দপ্তরের নির্দেশ মেনে সব করা হয়।” সাধারণ মানুষের মতে, এমন দুরবস্থা ঠেকাতে দ্রুত আধিকারিক নিয়োগের প্রয়োজন। পুরসভার চেয়ারম্যান মনোজ রায় বলেছেন, “শুরু থেকে পুরসভায় ফুড ইনস্পেকটর নেই। ব্লকেও একই দশা। তবে নজরদারি যাতে আরও বাড়ানো যায় সেই বিষয়ে জেলা ফুড সেফটি দপ্তরকে জানানো হবে।”
নতুন গতি 



















