ধূপগুড়ি: পঞ্চায়েতের দখল বিজেপির হাতে আসার পর নবনির্বাচিত প্রধানকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে এল দলের অন্দরের বিভাজনের ছবি। একই দিনে, একই পঞ্চায়েত কার্যালয়ে পৃথকভাবে দুই দফায় সংবর্ধনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গত ৯ সেপ্টেম্বর বোর্ড গঠিত হয়। ১৪ সদস্যের এই পঞ্চায়েতে ১৩ জন তৃণমূলের সদস্যের পাশাপাশি ছিলেন একমাত্র বিজেপি সদস্য পপি রায়। বোর্ড গঠনের পর তাঁকেই প্রধান নির্বাচিত করা হয়। পরে তৃণমূলের তিন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন বলে জানা যায়। তাঁদের দাবি, পপি রায়কে সমর্থন করেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন।
বুধবার প্রধানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসানোর আগে সংবর্ধনার আয়োজন করা হয়। দুপুর ১২টা নাগাদ প্রথমে বিজেপির একদল কর্মী-সমর্থক পপি রায়কে সংবর্ধনা দেন। তাঁরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আরেকদল কর্মী-সমর্থক এসে পৃথকভাবে তাঁকে সংবর্ধনা দেন। ঘটনায় গুঞ্জন ছড়ায় পঞ্চায়েত চত্বরে।
যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির পশ্চিম মণ্ডল সভাপতি পলাশ বসাক। তবে নিচুতলার একাংশের কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে দাবি। পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
নতুন গতি 



















