নতুন গতি প্রতিবেদন, কোচবিহার: এনসিপিআই নিয়ে বিস্ফোরক মন্তব্য কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়ার। সোমবার বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বড় মন্তব্য করার পাশাপাশি এনসিপিআইতে ২০ জন সাংসদের যোগ দেওয়ার কারণও স্পষ্ট করেন।
তিনি বলেছেন, “আমরা বিজেপিতে যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ৩ জন সাংসদ যেতে চায়নি। তাই বিজেপির নির্দেশেই আমরা এনসিপিআইতে যোগ দিয়েছি। তবে শীঘ্রই আমরা বিজেপিতে যোগ দিচ্ছি এবং সেটা পুজোর আগেই। আইনি জটিলতা মিটলেই বিজেপিতে যোগ দেব।” তাঁর সংযোজন, “জেলার উন্নয়ন করতে গেলে কেন্দ্রের সহযোগী হতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছিলাম। ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নি বিজেপিতে যোগ দেওয়ার।”
কেন যোগ দেওয়া হল না? এই প্রসঙ্গে কোচবিহার সাংসদ বলেছেন, “আমাদের সমস্যা হচ্ছিল কারণ আমাদের মধ্যে ৩ জন সংখ্যালঘু সদস্য ছিল। তাঁদের ক্ষেত্রে এলাকা সংক্রান্ত কিছু সমস্যা ছিল। তার পরে বিজেপির পরামর্শেই এনসিপিআইতে যোগ দিয়েছি। ২০ জন সাংসদের মধ্যে ১৭ জন বিজেপিতে যোগ দেবেন। ৩ জন এনসিপিআইতে থেকেই এনডিএকে সমর্থন করবেন।” এদিকে এই প্রসঙ্গে এনসিপিআই সাংসদ আবু তাহেরের বক্তব্য, “উনি আমার মুখপাত্র নন। এই বক্তব্যের সঙ্গে আমরা সহমত নই।” অন্যদিকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, “উনি যা যা বলেছেন, সবটাই ওনার ব্যক্তিগত মত। সমস্ত বক্তব্যের দায়ও ওনার।”
নতুন গতি 





























