নতুন গতি প্রতিবেদন, কোচবিহার: এবারও কর্মী সংকটের কারণে বন্ধ থাকছে এনবিএসটিসির ‘সবুজের পথে হাতছানি’। এক আধিকারিক জানিয়েছেন, “এই পরিষেবা দিতে অন্তত ১৫ জন আলাদা কর্মী দরকার। একজন ইন্সপেক্টর, অতিরিক্ত চালক, কন্ডাক্টর, রুট সার্ভেয়ার। বর্তমানে তা কিছুই নেই। তাই এবারও বন্ধ রাখতে হচ্ছে। তবে পুজোর সময়ে দুদিন শিলিগুড়ি শহরের পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোর জন্য একটি ট্যুর করা হবে।”
প্রসঙ্গত, ২০০৮-০৯ সালে এই প্রকল্প শুরু হয়। বাস ছাড়া হতো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে। প্যাকেজ সিস্টেমে দেওয়া হতো ভ্রমণ পরিষেবা। রাত কাটানো থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও করা হতো। ‘অনলাইন বুকিং’এর মতো সুবিধাও ছিল। প্রথমে নিগমের দ্বারাই সবটা বন্দোবস্ত করা হতো। পরে এজেন্সির হাতে দায়িত্ব দেওয়া হয় কর্মীর অভাবে। গতবছর কর্মী সংকট সৃষ্টি হওয়ায় এই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এবার বিষয়টি নিয়ে আলোচনা হলেও অবশেষে একই কারণে এনবিএসটিসি কর্তৃপক্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
নতুন গতি 



















