খান আরশাদ,বীরভূম :
পরিবারের অভাব-অনটন দূর করে স্বচ্ছল জীবনের স্বপ্নে মাত্র ১৯ বছর বয়সেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কাপাসতোড় গ্রামের সেখ সাহাবুল। প্রায় এক মাস আগে দাদার সঙ্গে কাজের সন্ধানে মুম্বাই যান তিনি। সেখানে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন সাহাবুল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে জানতে পারা যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
সাহাবুলের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। উপার্জন করে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন যে যুবক, তাঁর নিথর দেহ গ্রামে ফিরতেই শোকে বিহ্বল হয়ে পড়েন স্বজনেরা। রবিবার সকালে গ্রামের কবরস্থানে সাহাবুলের জানাজা সম্পন্ন হয়। সাহাবুলের মৃত্যু ফের প্রশ্ন উঠছে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা নিয়ে। কাজের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের চিকিৎসা ও নিরাপত্তার পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা কতটা জরুরি, এই ঘটনায় সেই প্রশ্নই নতুন করে সামনে এল।
নতুন গতি 


















