নদিয়া: নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি এলাকায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম জাবের আলি শেখ ও হাবিবুল্লাহ শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোড়া খুনের ঘটনার তদন্তে নেমে নদীয়ার তেহট্টের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একটি গ্রাম থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃত জাবের আলি শেখ ও হাবিবুল্লাহ শেখকে কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হয়।
সম্প্রতি বেথুয়াডহরি এলাকায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নেমে এর আগে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার আরও দুই অভিযুক্ত গ্রেফতার হওয়ায় এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
এই জোড়া খুনের ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
নতুন গতি 

























