নতুন গতি ওয়েব ডেস্কঃ বড়সড় বিপদের কবল থেকে রক্ষা পেল গো-এয়ারের একটি বিমান। আকাশে ওড়ার মুহূর্তেই ওই বিমানের ইঞ্জিনে হঠাৎ করেই আগুন ধরে যায়।সঙ্গে সঙ্গে বিমানটিকে থামিয়ে যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানবন্দরে।এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
জানা গিয়েছে, আজ সকালে গো-এয়ারের বেঙ্গালুরু থেকে অহমদাবাদ-গামী একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।বিমানটি তখন টেক-অফ করছিল।আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিমানের সব যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।
গো-এয়ারের জি৮ ৮০২ বিমানের ডান এঞ্জিনে আগুন ধরে বলে উড়ান সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। বিমানটি রানওয়ে থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।এই ঘটনায় যাত্রীদের অসুবিধের জন্য ক্ষমা প্রার্থনা করেছে গো-এয়ার কর্তৃপক্ষ ।
নতুন গতি 





















