দুর্গাপুর: নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার অন্যতম মূল অভিযুক্ত কিংশুক মুখার্জিকে ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
অভিযোগ, বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ইস্পাতনগরীর একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রকে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়। বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। শুরু হয় তদন্ত।
তদন্তে প্রথমে স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম উঠে আসে। পুলিশ সূত্রের দাবি, আর্থিক প্রলোভন দেখিয়ে নাবালকদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে সে যুক্ত ছিল। জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় দাবি করে, অন্যদের মাধ্যমে তাকে এই কাজে যুক্ত করা হয়েছিল।
এরপর তদন্তে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব এবং মালদহের বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহর নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে জানা যায়। পরে কিংশুক মুখার্জির নাম সামনে আসে। পুলিশের দাবি, বিধাননগরের বাসিন্দা কিংশুক ঘটনার পর ওড়িশায় গা-ঢাকা দিয়েছিল। অভিযান চালিয়ে ভুবনেশ্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নতুন গতি 




























