নতুন গতি প্রতিবেদন, কোচবিহার: পঞ্চায়েতে বোর্ড তৈরিকে ঘিরে প্রকাশ্যে এল রাজ্যের শাসকদল বিজেপির গোষ্ঠীকোন্দল। বৃহস্পতিবার দু’পক্ষ সংঘর্ষে জড়ান নাজিরহাট-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে। গুরুতর আঘাত পান শান্তি তালুকদার নামে এক বিজেপি সদস্যা। বর্তমানে তিনি চিকিৎসাধীন দিনহাটা মহকুমা হাসপাতালে।
জানা গিয়েছে, প্রধান হওয়ার কথা ছিল যুথিকা বর্মনের। সমর্থকদের নিয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছানোর পরই বিজেপি নেতা তরণীকান্ত বর্মন নামে আরেক বিজেপি নেতার অনুগামীদের সঙ্গে তাঁদের চরম বিরোধ লাগে। অভিযোগ, তখন অতর্কিতে হামলা চালানো হলে তিরের আঘাতে জখম হন শান্তি তালুকদার। ঘটনাকে ঘিরে রীতিমত হইচই পড়ে যায় গোটা এলাকায়। পাশাপাশি তুঙ্গে পৌঁছে গিয়েছে রাজনৈতিক তরজা।
যদিও এই প্রথমবার নয়, এর আগে একাধিকবার জনসম্মুখে এসেছে বিজেপির গোষ্ঠীকোন্দল, যা ঘিরে মুখ পুড়েছিল গেরুয়া শিবিরের। তবে তখন তারা ছিল বিরোধী আসনে। কিন্তু এবার শাসকদল থাকাকালীন এই জাতীয় ঘটনা যে একটু হলেও তাদের চিন্তায় ফেলবে, তা সহজেই অনুমেয়।
নতুন গতি 






















