খান আরশাদ, বীরভূম:
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা-মিছিলের মাধ্যমে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করছেন রাজনৈতিক নেতারা। এই আবহেই সোমবার বীরভূম জেলার খয়রাশোলের গোষ্ঠডাঙ্গাল মাঠে বিজেপির ‘বিজয় সংকল্প যাত্রা’-য় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সভামঞ্চ থেকে তিনি রাজ্যের শাসক দলকে একাধিক ইস্যুতে নিশানা করেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শাহের দাবি, মুখ্যমন্ত্রী নিজের উত্তরসূরি হিসেবে ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, রাজ্যে তোলাবাজি ও সিন্ডিকেট রাজে সাধারণ মানুষ অতিষ্ঠ।
দুর্নীতির প্রসঙ্গ তুলে শাহ বলেন, কয়লা ও বালি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। সিউড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আনেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে এসবের কড়া তদন্ত হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, “ক্ষমতায় এলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।” পাশাপাশি তাঁর দাবি, আগামী ৪ মে রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে।
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে আরও কটাক্ষ করে শাহ বলেন, সহানুভূতি আদায়ের চেষ্টা সফল হবে না, মানুষ সব বুঝে গিয়েছে। তিনি এ-ও জানান, ভবিষ্যতে বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী আসবেন যিনি বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোটে বীরভূম জেলার ১১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই প্রেক্ষিতেই এদিনের সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। নিরাপত্তার স্বার্থে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরও মোতায়েন ছিল চোখে পড়ার মতো। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিও সভায় আলাদা মাত্রা যোগ করে।
নতুন গতি 





















