নতুন গতি, কলকাতা: কলকাতায় যাঁরা বাঙালি ও বিহারীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করবেন, তাঁদের ধড়-মুণ্ডু আলাদা করে দেওয়া হবে। এক ভিডিও বার্তায় এমনই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির বিধায়ক। এখানেই শেষ নয়, একই সঙ্গে পশ্চিমবঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন হাওড়ার আমতা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত। তিনি বলেছেন, ”পশ্চিমবঙ্গ পশ্চিম বিহার হবে, পশ্চিম ঝাড়খণ্ড হবে, পশ্চিম ওড়িশা হবে। মিনি পাকিস্তান বা পশ্চিম বাংলাদেশ তো হচ্ছে না!”
তাঁর এই বিতর্কিত মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির যুবমোর্চার রাজ্য সভাপতি তথা আমতার বিধায়ক অমিত সামন্তের এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক বাধে। ভাইরাল হওয়া ভিডিওটিতে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নতুন গতি) বিজেপি বিধায়ককে বলতে শোনা যায়, “কলকাতায় যাঁরা বিহারী আর বাঙালিকে আলাদা করতে চান, তাঁদের ধড় আর মুণ্ডু আলাদা করার ক্ষমতা আমরা রাখি। যাঁরা বলছেন পশ্চিমবঙ্গ পশ্চিম বিহার হয়ে যাচ্ছে, তাঁদের বলছি— হ্যাঁ, সেটা অবশ্যই হবে। পশ্চিম ঝাড়খণ্ড হবে, পশ্চিম ওড়িশা হবে। আমরা তো আর মিনি পাকিস্তান বা পশ্চিম বাংলাদেশ করছি না!”
একজন জনপ্রতিনিধির মুখে প্রকাশ্যে এমন হিংসাত্মক হুঁশিয়ারি এবং রাজ্য সংক্রান্ত মন্তব্য শুনে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। তবে নিজের বক্তব্যের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন অমিত সামন্ত। বরং নিজের মন্তব্যে অনড় থেকে তিনি বলেন, “যা বলেছি, একদম ঠিক বলেছি। ১৯৪৬ সালের দাঙ্গার মূল চক্রী ছিলেন সুরাবর্দি। সেই সময় কলকাতায় বহু বাঙালির প্রাণ বাঁচিয়েছিলেন বিহারী ভাইয়েরা। তাই যাঁরা বিহারী আর বাঙালিকে আলাদা করতে চাইবেন, তাঁদের ওইভাবে শাস্তি দেওয়ার ক্ষমতা আমাদের আছে।”
একজন বিধায়ক প্রকাশ্যে মানুষের ‘ধড়-মুণ্ডু আলাদা করার’ হুঁশিয়ারি দেওয়ার পরেও পুলিশ বা প্রশাসনের তরফে কেন স্বতঃপ্রণোদিত (সুয়োমটো) মামলা রুজু করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই ঘটনায় প্রশাসন আদৌ কোনও পদক্ষেপ করে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর বুলডোজার ও এনকাউন্টারের রাজনীতি শুরু হয়েছে। বুলডোজার চালিয়ে গরিবের পেটে লাথি মারা হচ্ছে বার বার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বিচারের ভার নিজেদের হাতেই তুলে নিয়েছে পুলিশ প্রশাসন। দেশের বিচারব্যবস্থাকে তোয়াক্কা করছে না তারা বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। ইতিমধ্যে রাজ্যে পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। তারপর বিধায়ক যখন বলছেন ধর ও মুণ্ডু আলাদা করে দেওয়ার কথা, তখনও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
নতুন গতি 














