দেবজিৎ মুখার্জি: সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ এনসিপিআই-এর সকল সাংসদকে আর সময় দিতে নারাজ লোকসভার স্পিকার ওম বিড়লা। সূত্রের খবর, চলতি মাসের ২৪ তারিখের মধ্যে তাঁদের সকলকে জবাব দিতে হবে। নাহলে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ।
চলতি বছরে পশ্চিমবঙ্গে হয় অষ্টাদশ বিধানসভা নির্বাচন। তাতে বড় ব্যবধানে জয় পেয়ে সরকার গড়ে বিজেপি এবং এর সঙ্গে তৈরি হয় ইতিহাস। তবে অন্যদিকে ভেঙে খানখান হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সমস্ত স্তরেই দেখা যায় ভাঙন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই) নামক এক অনামী দলে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন সাংসদ এবং বিজেপি নেতৃত্বে এনডিএ জোটকে সমর্থনের কথা জানান।
এদিকে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সুদীপ-কাকলিদের সাংসদ পদ খারিজ করার দাবি তুলে আবেদন জানান কালীঘাট তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সংবিধানের দশম তফসিল অনুসারে তাঁদের সাংসদ পদ খারিজ হওয়া উচিত। পালটা এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদদের যুক্তি, এই সংযুক্তি বৈধ এবং এতে লাগু হবে না দলত্যাগ বিরোধী আইন। এখনও পর্যন্ত স্বীকৃতি পাননি তাঁরা। তবে জবাবের জন্য এর আগে একাধিকবার সময় চেয়েছেন তাঁরা।
কিন্তু এবার স্পিকারের তরফ থেকে ২৪ নভেম্বর চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবার দেখার, ওইদিন কী জবাব দেন ২০ জন সাংসদ। এই আবহে বঙ্গ রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁদের সাংসদ পদ থাকবে নাকি খারিজ করে দেওয়া হবে? কী হতে চলেছে আগামীদিনে? আগ্রহ তুঙ্গে পৌঁছে গিয়েছে রাজনৈতিক মহলের।
নতুন গতি 













