আমীরুল ইসলাম, নানুর: বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে বিজেপি নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে মঙ্গলবার বিকেলে চাঞ্চল্য ছড়ায় নানুরের থুপসাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুরগ্রাম এলাকার বাসিন্দা এবং থুপসাড়া জিপির বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে, এলাকার কয়েকজন মহিলার কাছ থেকেও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
অভিযোগ, মঙ্গলবার বিকেলে রামকৃষ্ণ মণ্ডল সংশ্লিষ্ট গ্রামে গেলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। কয়েকজন মহিলা তাঁকে ঘিরে ধরে টাকা ফেরতের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ রামকৃষ্ণ মণ্ডলকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। টাকা নেওয়ার অভিযোগের সত্যতা নিয়ে পুলিশি তদন্তের বিষয়টি এখনও স্পষ্ট নয়।
নতুন গতি 

























