নতুন গতি,আব্দুল গফফার, হুগলি: রাখি বন্ধনের উৎসবকে মানবতার বার্তায় আলাদা মাত্রা দিল চুঁচুড়ার নারীশক্তি। নেপালের সাম্প্রতিক হড়পা বানে প্রাণহানি ও প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং নিখোঁজ ভারতীয়দের দ্রুত সন্ধান ও সুস্থতায় ফেরার প্রার্থনায় ‘PRAY FOR NEPAL’ কর্মসূচি পালন করা হল।
চুঁচুড়ার ঘড়ির মোড়ে নারীশক্তির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পথচারী ও সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়। একইসঙ্গে মোমবাতি জ্বালিয়ে নেপালের বিপর্যয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। নিখোঁজ ভারতীয়রা দ্রুত পরিবারের কাছে ফিরে আসুন, এই প্রার্থনাও জানান উদ্যোক্তারা। নারীশক্তির সভানেত্রী কোয়েল দত্ত বলেন, “রাখি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। নেপালে বহু মায়ের কোল খালি হয়েছে, বহু পরিবার প্রিয়জনকে হারিয়েছে। আবার অনেক ভারতীয় নিখোঁজ রয়েছেন। তাঁদের দ্রুত সন্ধান মিলুক এবং তাঁরা সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসুন—এই প্রার্থনাই আমাদের।
তিনি বলেন, নিহতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালানোর পাশাপাশি মানুষের হাতে রাখি পরিয়ে আমরা সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্বের বার্তা দিতে চেয়েছি। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে বহু মানুষ অংশ নেন। রাখি বন্ধনের আনন্দের দিনে নেপালের বিপর্যস্ত মানুষের জন্য প্রার্থনা এবং সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
নতুন গতি 



























