দেবজিৎ মুখার্জি: বর্তমানে দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এক আলাদা পর্যায়ে পৌঁছে গিয়েছে চলতি আইপিএলকে ঘিরে। একেবারে অন্তিম লগ্নে গ্রুপ পর্ব। পয়েন্ট তালিকার যা পরিস্থিতি, তাতে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ঈশান কিশানের সানরাইজার্স হায়দরাবাদ ও শুভমান গিলের গুজরাট টাইট্যান্সের সঙ্গে ‘প্লে অফ’এ কে যাবে, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকল ক্রিকেটপ্রেমীর মধ্যে। বলা ভালো, হাড্ডাহাড্ডি লড়াই চলছে টুর্নামেন্টে।
বরাবরই ক্রিকেটের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে সকলের নজর থাকে উঠতি ক্রিকেটারদের দিকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোন তরুণ ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাবেন টুর্নামেন্টের পর, এই সংক্রান্ত নানা প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। তবে বৈভব-আয়ুশ-কার্তিকদের মতো তরুণদের মাঝেও বেশ ভালোভাবেই এবার সকলের মনে দাগ কাটতে সফল হয়েছেন টিম ইন্ডিয়ার অন্যতম অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।
চলতি আইপিএলে সিংহভাগ ম্যাচেই ২০০র বেশি রান করছে অংশগ্রহণকারী দলগুলি বিস্তারিতভাবে বলতে গেলে, অধিকাংশ বোলারেরই বোলিং ইকনোমি ৯-১০ বা তার বেশি। সেখানে ৩৫ ঊর্ধ্ব ভুবনেশ্বর কুমারের ইকোনমি ৮এরও কম। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট অনুযায়ী এই ইকোনমি যে বেশ ভালো, তা বলাই বাহুল্য। এই পর্যন্ত তাঁর ইকোনমি ৭.৭১। এখানেই শেষ নয়, বর্তমানে পার্পেল ক্যাপ তাঁর ঝুলিতে। এই পর্যন্ত ১৩টি ম্যাচে তিনি নিয়েছেন ২৪টি উইকেট। অর্থাৎ তরুণদের বেশ ভালোই টক্কর দিচ্ছেন ভুবি।
ভুবনেশ্বরের এমন দুর্দান্ত বোলিং ক্রিকেট মহলের প্রশংসা কুড়িয়েছে। বহু প্রাক্তন তারকা মনে করছেন যে শীঘ্রই জাতীয় দলে কামব্যাক হতে পারে তাঁর। শুধু প্রাক্তন তারকা বা ক্রিকেট বিশ্লেষকরাই নন, সোশ্যাল মিডিয়াতেও দেখা গিয়েছে যে অনেকে তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তনের দাবি তুলেছেন। শেষবার ‘মেন ইন ব্লু’র জার্সিতে ভুবিকে দেখা গিয়েছিল ২০২২ সালে। অর্থাৎ প্রায় ৪ বছরের কাছাকাছি সময় ধরে তিনি জাতীয় দল থেকে ব্রাত্য।
এবারের মরশুমে যেভাবে ভুবনেশ্বর কুমার একের পর এক ম্যাচে বল হাতে পারফর্ম করে চলেছেন, তাতে প্রশ্ন উঠছে যে এবার নির্বাচকরা তাঁকে ফেরানো নিয়ে ভাববেন কিনা। শুধু তাই নয়, এই প্রশ্নও থাকছে যে আসন্ন ওডিআই বিশ্বকাপে তাঁকে দলে রাখা হবে কিনা। কী হতে চলেছে শেষ পর্যন্ত? দরজা কি খুলবে ভুবির জন্য নাকি এখনও তাঁকে একাধিক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? সব প্রশ্নের উত্তর দেবে সময়।
নতুন গতি 




























