খান আরশাদ, বীরভূম:
বীরভূমে কাজল শেখের মাথায় ৫ কেজি ওজনের পরানো রুপোর রাজ মুকুট । বীরভূমে নতুন রাজারূপে অবতীর্ণ হলেন কাজল শেখ। নানুরের বাসাপাড়ায় মিলনমেলায় উদ্যোক্তাদের পক্ষ থেকে বীরভূম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখের মাথায় পরানো হল বিশাল আকারের এক রুপোর মুকুট। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নানুর বিধানসভার বাসাপাড়ায় মিলনমেলার আয়োজন করা হয় পয়লা জানুয়ারি।
এই মিলন মেলায় কাজল শেখের মাথায় প্রায় পাঁচ কেজি ওজনের রুপোর মুকুট পরানো হলো।
আর এ নিয়ে বছরের শুরুতেই ফের বিতর্কের সৃষ্টি হল। তাহলে কি এবার বীরভূমে দলের রাশ কাজল শেখের হাতেই? উঠছে প্রশ্ন।
কারন এর আগে এই মিলন মেলায় বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মাথায় মুকুট পরানো হয়েছিল। এই মিলনমেলায় সেই অনুব্রত মণ্ডল অনুপস্থিত এবং মুকুট পরানো হল কাজল শেখকে। অনুব্রতর বদলে কাজল শেখের মাথায় উঠলো এই মুকুট। যা নিয়ে রীতিমতো হইচই বীরভূম তথা রাজ্যের রাজনৈতিক মহলে।
এই মিলন মেলায় অন্যান্যদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু তিনি এই মিলন মেলায় উপস্থিত হননি। জেলে যাওয়ার আগে এই মিলনমেলার উদ্বোধন অনুব্রত মণ্ডলই করতেন। তাঁর অনুপস্থিতিতে এই মিলন মেলার উদ্বোধন করলেন কাজল শেখ।
প্রায় পাঁচ কেজি ওজনের ৪ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের এই মুকুট পরানো বিষয়ে থুপসারা তৃণমূল অঞ্চল সভাপতি বলেন আমরা এর আগেও কাজল শেখকে মুকুট পরিয়েছি। তিনি আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি রূপে এখন রয়েছেন। তিনি আমাদের পাশে সবসময় থাকেন, এখনো রয়েছেন। আমরা তাকে ফের মুকুট পরালাম।
যদিও কাজল শেখ এ বিষয়ে মন্তব্য করেন, শুধু অনুব্রত মণ্ডলই নন। এই মেলায় কোর কমিটির সকল সদস্যকেই আমন্ত্রণ করা হয়েছিল। হয়তো তাঁরা নিজের কাজের চাপের জন্য আসতে পারেননি। মেলা চলাকালীন নিশ্চয়ই তাঁরা আসবেন, বলে মন্তব্য কাজলের। কাজল বলেন আমি এই এলাকা থেকেই জেলা পরিষদের সদস্য হয়েছি, পরে সভাধীপতি হয়েছি। স্বভাবতই এই এলাকার কর্মীরা এ নিয়ে গর্বিত এবং এদের মধ্যে একটা আবেগ কাজ করছে। তাই তারা আমাকে সম্মানিত করেছেন।
এদিনের এই মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ অন্যান্যরা। এই মিলন মেলা আগামী ৭ তারিখ পর্যন্ত চলবে।
নতুন গতি 













