খান আরশাদ, বীরভূম:
রাজনগর থানার অন্তর্গত গৌরীবাগান গ্রামে নির্মল দাস নামে ২৬ বছর বয়সি এক ব্যক্তি বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিল। সারাদিন খোঁজ খবর নিয়েও বাড়ির লোকেরা তার সন্ধান পায়নি।
বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নির্মল দাসকে তার নিজের বাড়ির ভেতর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকেরা। এরপর তড়িঘড়ি রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক নির্মল দাসকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে ঐ ব্যক্তির দেহ বুধবার রাত্রে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে রাজনগরের গৌরীবাগান গ্রামের বাসিন্দা দুঃখ হরণ দাসের ছোট ছেলে নির্মল দাস হায়দ্রাবাদে একটি ফুড কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করতেন। কিছুদিন আগেই তিনি নিজের বাড়ি গৌরিবাগান গ্রামে আসেন। প্রায় মাস ছয়েক আগে নির্মল দাসের বিয়েও হয়। নির্মল দাস প্রায়ই হীনমন্যতায় ভুগতেন বলে জানা গিয়েছে।
পারিবারিক অশান্তির জেরে না অন্য কোনো কারণে এই অস্বাভাবিক মৃত্যু, তার তদন্ত করছে রাজনগর থানার পুলিশ।
নতুন গতি 





























