শিলিগুড়ি, ২০ আগস্ট: সরকারি ঘোষণা অনুযায়ী ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমা পড়ার কথা। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও বহু উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি বলে অভিযোগ। সরকারি পোর্টালে স্ট্যাটাস দেখতে গিয়ে কারও ক্ষেত্রে ‘Rejected’, আবার কারও ক্ষেত্রে ‘Processing’ দেখাচ্ছে বলে দাবি মহিলাদের।
সমস্যার সমাধানের আশায় বৃহস্পতিবার বহু মহিলা শিলিগুড়ি এসডিও অফিসে হাজির হন। তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সংক্রান্ত সমস্যার সমাধান করতে গিয়ে এক দফতর থেকে অন্য দফতরে ঘুরতে হচ্ছে। কখনও উপরতলায়, আবার কিছুক্ষণ পর নিচে যেতে বলা হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সমস্যার সঠিক সমাধান মিলছে না বলে অভিযোগ তাঁদের।
এতেই ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা। তাঁদের বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় বারবার অফিসে এসে হয়রানির শিকার হতে হচ্ছে। কারও আবেদন কেন বাতিল হয়েছে, আবার কারও স্ট্যাটাস কেন ‘Processing’-এ আটকে রয়েছে—সেই বিষয়ে স্পষ্ট তথ্যও মিলছে না বলে অভিযোগ।
সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দেওয়ার ঘোষণা করলেও বাস্তবে বহু মহিলা তা না পাওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি। দ্রুত সমস্যা মিটিয়ে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
নতুন গতি 






















