নাজমুস সাহাদাত, কালিয়াচক: মাদক ও জালনোটের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য মালদহ জেলা পুলিশের। পৃথক দুটি অভিযানে কালিয়াচক ও বৈষ্ণবনগর থানার পুলিশ উদ্ধার করেছে ১০২ গ্রাম ব্রাউন সুগার এবং ১ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকার জালনোট। দুই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কালিয়াচকের চাতরা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মুরসেদ শেখ (৩৮)-কে আটক করে পুলিশ। তল্লাশিতে তাঁর কাছ থেকে ১০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে দাবি পুলিশের। মুরসেদের বাড়ি মহেশপুর-আলিপুর এলাকায়। নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, বুধবার বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগরের দৌলতপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকার জালনোট। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাবা-ছেলে মমতাজ আলি (৭৬) ও ফিরোজ শেখ (৫২)-কে। দুজনেরই বাড়ি দৌলতপুর এলাকায়। পুলিশের সন্দেহ, জালনোটের কারবারের সঙ্গে ধৃতদের যোগ রয়েছে। বৃহস্পতিবার তাঁদেরও আদালতে পেশ করা হয়। জালনোটের উৎস, পাচারের উদ্দেশ্য এবং এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে। একই দিনে জেলার দুই প্রান্তে মাদক ও জালনোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের আরও সদস্যের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
কালিয়াচকে ব্রাউন সুগার, বৈষ্ণবনগরে জালনোট— পুলিশের জোড়া সাফল্য গ্রেপ্তার ৩
-
নতুন গতি - আপডেট : ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























