মালদা: বাজারদরের তুলনায় অনেক কম দামে দামি আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়ার প্রলোভন। অগ্রিম টাকা দিয়ে পছন্দের জিনিস বুক করেছিলেন বহু মানুষ। কিন্তু ডেলিভারির আগেই আচমকা দোকানের ঝাঁপ বন্ধ। প্রতারণার অভিযোগ তুলে এবার ক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো গ্রাহক। দোকানের সাটার ভাঙারও চেষ্টা করেন উত্তেজিত জনতা। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার গাজোলের তুলসীডাঙা এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, তুলসীডাঙার কোড়া গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে মাসখানেক আগে ভাড়ায় একটি অর্ডার সাপ্লায়ার্সের দোকান খোলা হয়। বাজারদরের তুলনায় সস্তায় বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির কথা বলা হত। পছন্দের সামগ্রী বুক করতে অগ্রিম টাকা দিতে হত। ১০-১২ দিনের মধ্যে পণ্য ডেলিভারির আশ্বাসও দেওয়া হয়েছিল।
সেই প্রলোভনে পড়ে বহু মানুষ হাজার হাজার টাকা দিয়ে অর্ডার করেন। কিন্তু বুধবার সকালে ডেলিভারির অপেক্ষায় এসে দোকানের ঝাঁপ বন্ধ দেখে হতভম্ব হয়ে পড়েন তাঁরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এরপরই ক্ষোভ আছড়ে পড়ে বন্ধ দোকানের সামনে। উত্তেজিত জনতা সাটার ভাঙার চেষ্টা করলে খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নতুন গতি 






















