খান আরশাদ, বীরভূম:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন বৃহস্পতিবার বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। লোকপুর থানার অন্তর্গত বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে ইভিএম বিকল থাকার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে রূপ নেয়।
প্রাথমিকভাবে সকাল থেকে ওই বুথে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। তবে দুপুরের দিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, নির্দিষ্ট প্রতীকে ভোট দিলেও তা বিজেপির প্রার্থীর ঝুলিতে চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। এর জেরে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখা হয় এবং ইভিএম পরীক্ষা করতে বিশেষজ্ঞ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোট বন্ধ থাকায় বুথের বাইরে ভিড় জমতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বিক্ষোভ ও উত্তেজনায় পরিণত হয়। অভিযোগ, ভিড় ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলে উত্তেজনা চরমে পৌঁছায়। এর পাল্টা হিসেবে কিছু লোক কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। ঘটনায় অন্তত দুই জওয়ান জখম হন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিনা প্ররোচনায় আচমকা লাঠিচার্জ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে টহলদারি জোরদার করা হয় এবং সাময়িকভাবে জমায়েত নিষিদ্ধ করা হয়।
জেলা পুলিশ সুপার জানান, ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে। এই বুথে ৯৪.৫৩% ভোট পড়ে।
ঘটনাস্থলে ডিআইজি-সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রশাসনের দাবি, অশান্তির মধ্যেও ওই এলাকায় উল্লেখযোগ্য হারে ভোটদান হয়েছে এবং সামগ্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
নতুন গতি 















