আলো ইসলাম : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা সন্নিকট পাতপুকুরে হাজি আব্দুল হাকিমের উদ্যোগে ও মামূন ন্যাশনাল স্কুলের সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মুহাম্মদ ইয়াসীন ও এলাকার শিক্ষিত মানুষের সহযোগিতায় পথচলা শুরু করল জমজম ফাউন্ডেশন বালিকা মিশন । নার্সারি থেকে চতুর্থ শ্রেণি ও পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আবাসিক বালিকা বিদ্যালয়ের প্রবেশিকা প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলায় আধুনিক শিক্ষা প্রসারে অন্যতম মুখ কাজী মুহাম্মদ ইয়াসীন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল, বকুলতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ মণ্ডল প্রমুখ।
দক্ষিণ ২৪ পরগনার শিক্ষা ক্ষেত্রে অনগ্রসর এবং অনুন্নত এই এলাকায় হাজি আব্দুল হাকিম নারী শিক্ষার উন্নতি বিধানে প্রতিষ্ঠা করেছেন জমজম ফাউন্ডেশন বালিকা মিশন । এলাকার বহু শিক্ষিত, বুদ্ধিজীবী ও মেধাজীবী মানুষের ব্যাপক উপস্থিতিতে উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন, আয়োজক হাজি আব্দুল হাকিম। স্থানীয় বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল বলেন, আজকের দিনে শিক্ষার বড় অভাব। শিক্ষক আছেন, স্কুল আছে কিন্তু শিক্ষার পরিবেশের অভাব। আবাসিক শিক্ষাব্যবস্থায় সেই পরিবেশটি পাওয়া যায়। শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। বিধায়ক বলেন, সংস্কৃতি আমাদের রক্তে। বাস্তব এটাই যে, আমরা সেই সংস্কৃতি বহন করছি যা সৌভ্রাতৃত্বের পরম্পরা। তিনি বলেন, হাজি আব্দুল হাকিমের মতো সংস্কারকের মানসিকতা নিয়ে যাঁরা এগিয়ে আসছেন তাঁদের শ্রদ্ধা জানাই।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ফাউন্ডেশনের মার্গদর্শক কাজী মুহাম্মদ ইয়াসীন বক্তব্য রাখতে গিয়ে বলেন, মেয়েদের শিক্ষা ভিন্ন সমাজ এগিয়ে যেতে পারে না। তিনি বলেন, এটা মেয়েদের মাদ্রাসা নয়। এই প্রতিষ্ঠান মধ্যশিক্ষা পর্ষদের অধীন। এখান থেকে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ও ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজার সুযোগ্য সন্তান ইয়াসীন সাহেব বলেন, আমার পিতা বলতেন, মেয়েদের জন্য স্কুলে কোনও সমস্যা নেই। কিন্তু আবাসিক হলে হাজারো সমস্যা।
বিশেষ করে তাদের সুরক্ষা, তাদের শারীরিক গঠনগত সমস্যার জন্য স্কুল কর্তৃপক্ষের সতর্কতা ও সচেতনতা জরুরি। ইয়াসীন সাহেব বলেন, যিনি মেয়েদের দায়িত্বে থাকবেন, তাঁকে মা হয়ে উঠতে হবে। জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূমের সম্পাদক ইয়াসীন সাহেব বলেন, পবিত্র কুরআনে মহিলাদের জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। তাঁদের জন্য রয়েছে একটা সুরা। কিন্তু পুরুষদের জন্য পৃথক কোনও সুরা নেই । তিনি নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, আমরা অনেক বালিকা আবাসিক ব্যবস্থা দেখে নির্মাণ পরিকল্পনার বাস্তবায়ন করেছি। তিনি বলেন, এব্যাপারে অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়োজন আছে। নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে তিনি বলেন, কোনও অশিক্ষিত মায়ের পেট থেকে জন্মানো সন্তান, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী পণ্ডিত মুফতি লিয়াকত আলী। জানা যায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে বিশেষ সুযোগ সুবিধা।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
জয়নগরের বকুলতলাহাটের পাতপুকুরে জম্ জম্ ফাউন্ডেশন বালিকা মিশনের শুভযাত্রা
-
নতুন গতি - আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















