নদিয়া: ভ্রাতৃত্বের বন্ধনকে আরও আপন করে তুলতে এবার অভিনব উদ্যোগ নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী অভিনব বসাকের। হাতে বোনা সম্পূর্ণ সুতির শাড়ির কাপড়ে তৈরি হয়েছে অভিনব নকশার রাখি। ইতিমধ্যেই সেই রাখি পৌঁছে দেওয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে।
রাখি পূর্ণিমা মানেই ভাই-বোনের ভালোবাসা ও মঙ্গলকামনার উৎসব। প্রতিবছরই বাজারে দেখা যায় নানা ধরনের রাখি। তবে প্রচলিত ভাবনার বাইরে গিয়ে এবার তাঁতের সঙ্গে রাখির মেলবন্ধন ঘটিয়েছেন অভিনব বসাক। হাতে বোনা সুতির কাপড়ের ওপর কম্পিউটারে তৈরি নকশা ফুটিয়ে তুলে তৈরি করা হয়েছে দুই ধরনের রাখি। শিশু ও বড়দের কথা মাথায় রেখে রাখা হয়েছে দু’টি আলাদা মাপ।
অভিনব বসাক জানান, নতুন কিছু করার ভাবনা থেকেই এই উদ্যোগ। বর্তমানে ডিজাইন কম্পিউটারের মাধ্যমে তৈরি হওয়ায় তাঁতশিল্পের সঙ্গে নতুন ধরনের নকশা যুক্ত করা অনেক সহজ হয়েছে। এবছর পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছে প্রায় ৭০ পিস রাখি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই রাখি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিনব বসাকের পিতা বীরেন বসাকও দেশের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত বিশিষ্ট তাঁতশিল্পী। তাঁরই ঐতিহ্যকে সামনে রেখে নতুন প্রজন্মের অভিনব এই প্রয়াস ইতিমধ্যেই নজর কেড়েছে।
সম্পূর্ণ সুতির কাপড় ব্যবহারের কারণে এই রাখি আরামদায়ক এবং ত্বকের জন্যও নিরাপদ বলে দাবি শিল্পীর। আগামী দিনে চাহিদা বাড়লে সাধারণ মানুষের জন্য এই অভিনব তাঁতের রাখি বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে।
নতুন গতি 


























