আসানসোল: এক লক্ষ টাকার বিনিময়ে মাত্র দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। ই-মেলের মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উত্তর ধাদকার একটি দম্পতির হেফাজত থেকে ২ মাস ১৩ দিনের শিশুটিকে উদ্ধার করে আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত দম্পতি-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতরা হলেন উত্তর ধাদকা লালবাগ এলাকার বাসিন্দা রেশন ডিলার বিনোদ কুমার গুপ্তা (৪৭) এবং তাঁর স্ত্রী বাবিতা গুপ্তা (৩৭)। এছাড়াও ধাদকা রোডের বাসিন্দা অশোক ভওয়ালকাকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, প্রথমে দম্পতি শিশুটিকে নিজেদের জৈবিক সন্তান বলে দাবি করলেও জিজ্ঞাসাবাদে উঠে আসে ভিন্ন তথ্য। অভিযোগ, বীরভূমের সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোম থেকে এক লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় আরও কয়েকজন মধ্যস্থতাকারী জড়িত থাকতে পারেন বলে সন্দেহ পুলিশের।
অভিযোগ, শিশুটিকে দত্তক নেওয়ার ক্ষেত্রে আইনসম্মত প্রক্রিয়া মানা হয়নি। এমনকী, দম্পতিকে শিশুটির জৈবিক বাবা-মা হিসেবে দেখিয়ে কোনও নথি তৈরি বা ব্যবহার করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
BNS ও জুভেনাইল জাস্টিস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া শিশুকে আইনানুগ প্রক্রিয়ায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে।
ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, ধৃত তিনজনকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। শিশুটির প্রকৃত পরিচয় এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নতুন গতি 



























