শিলিগুড়ি: টাকার প্রলোভন দেখিয়ে দরিদ্র ও গ্রামীণ এলাকার বাসিন্দাদের ব্যাংক সংক্রান্ত নথি হাতিয়ে অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ। সেই সূত্রেই শিলিগুড়িতে গ্রেপ্তার তিন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গতকাল বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৪টের মধ্যে এসএফ রোড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন তিন যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় চন্দ্র শেখর দাস (২২), সোনু কুমার মাহাতো (২৩) এবং প্রীতভি রাজ ঘোষকে (২১)। তিনজনই শিলিগুড়ির বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আর্থিকভাবে দুর্বল মানুষকে টাকার টোপ দিয়ে তাঁদের ব্যাংক নথি সংগ্রহ করা হত। এরপর তাঁদের অ্যাকাউন্ট নতুন করে খোলা অথবা পুরনো অ্যাকাউন্ট বিভিন্ন আর্থিক লেনদেনে ব্যবহার করা হয়ে থাকতে পারে। এমনকী ওই অ্যাকাউন্টে অর্থ পাচারের মতো কোনও কারবার চলেছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের অ্যাকাউন্ট, ব্যাংক নথি ও লেনদেনের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
নতুন গতি 






















