নিজস্ব সংবাদদাতা, মেমারি, ৩ সেপ্টেম্বর: ১১ দফা দাবিতে মেমারি পৌরসভায় বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ও মিছিল করল সিপিআইএমের মেমারি-১ পশ্চিম এরিয়া কমিটি। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার প্রধান গেটের সামনে বিক্ষোভ সভা হয়। পরে ৯ সদস্যের প্রতিনিধি দল পৌরসভার নির্বাহী আধিকারিক দেবরাজ ব্যানার্জির কাছে স্মারকলিপি দেয়। দাবিগুলির মধ্যে ছিল পৌরসভার সমস্ত রাস্তা দ্রুত সংস্কার, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার, স্বচ্ছ তালিকা অনুযায়ী যোগ্য পরিবারকে আবাস যোজনার অর্থ প্রদান, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, প্রয়োজনীয় শংসাপত্র দ্রুত দেওয়া এবং ভবন নির্মাণের নকশা অনুমোদন। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও সমকাজে সমবেতন, ছাঁটাই বন্ধ, কর্মসংস্থানের ব্যবস্থা, মহিলাদের অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান এবং বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সময়মতো দেওয়ার দাবিও ওঠে।
এছাড়াও যোগ্য পরিবারকে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তি, বাদ পড়া বৈধ ভোটারদের নাম তালিকায় ফেরানো এবং পুনর্বাসন ছাড়া হকার ও বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন সনৎ ব্যানার্জি, পিযুষ বিশ্বাস, প্রশান্ত কুমার ও কালু রায়। পরে মেমারি স্টেশন পর্যন্ত মিছিল হয়। সেখানে দাবিগুলি ব্যাখ্যা করেন সন্দীপ মান্না। দেবরাজ ব্যানার্জি জানান, বেহাল রাস্তার বিষয়টি তাঁরা অবগত এবং পুজোর আগেই নির্দিষ্ট প্রকল্পে কাজ শুরু হবে।
নতুন গতি 





























