বসিরহাট, উত্তর ২৪ পরগনা: রাখিবন্ধন উৎসবে এবার অন্যরকম বার্তা দিলেন বসিরহাটের মানুষ। নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের স্মরণে গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হল উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা থেকে সুন্দরবন পর্যন্ত।
বসিরহাটের ৮ নম্বর ওয়ার্ডে মিটু দে, রাজু দে, আরশাদ আলী মোল্লা, পারমিতা মজুমদার, অমিত মজুমদার, বিকাশ ঘোষ-সহ একাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে ম্যানগ্রোভ ও অন্যান্য গাছের গলায় রাখি পরানো হয়। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দেন।
১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা দিতে রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। সেই ইতিহাসের কথাও স্মরণ করা হয় এদিন।
এবারের উৎসবে ছিল বিষাদের সুরও। নেপালের ভয়াবহ জলপ্রলয়ে মৃত ও নিখোঁজদের স্মরণ করার পাশাপাশি বসিরহাটের নিখোঁজ শিক্ষক দম্পতির কথাও স্মরণ করেন উদ্যোক্তারা।
নতুন গতি 























