নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণে দুই জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে পদ্মারানী নস্কর নামে প্রায় ৫২ বছর বয়সি এক মহিলা রয়েছেন। তিনি বাপি নস্করের আত্মীয় বলে জানা যাচ্ছে। অপর আহত ব্যক্তি আব্বাস গাজী নামে এক ব্যক্তি।
অভিযোগ, বাপি নস্কর মাছের ব্যবসার আড়ালে লোকালয় থেকে দূরে জঙ্গলের মধ্যে একটি ঘর তৈরি করে বেআইনিভাবে বাজি তৈরির ব্যবসা চালাচ্ছিলেন। সেই ঘরেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান।
ঘটনার খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিস্ফোরণের পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে।
কীভাবে বিস্ফোরণ ঘটল এবং ওই জায়গায় কীভাবে বাজি তৈরির কাজ চলছিল, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বেআইনি বাজি তৈরির অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
নতুন গতি 
























