নিউজ ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে হতাশাজনক ভাবে বিদায় নিতে হল যুক্তরাষ্ট্রকে। মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল স্বাগতিকরা। অন্যদিকে রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনার নেতৃত্বে দারুণ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম।
সারা টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রশংসা কুড়ানো যুক্তরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ছন্দ ধরে রাখতে পারল না। সারা ম্যাচে বেলজিয়ামের আধিপত্যের সামনে তাদের অসহায় দেখাল।
বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল করেন। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে মালিক তিলমানের কাছ থেকে, যা সাময়িকভাবে ম্যাচে সমতা ফিরলেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গই হয় স্বাগতিকদের।
গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রকে বিদায় করল বেলজিয়াম। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল তারা।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।
নতুন গতি 























