আর এ মণ্ডল : বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের এক ছায়ায় ঘেরা মনোরম পরিবেশে স্থাপিত “পাত্রসায়ের মহাবিদ্যালয়।” অদূরেই অবস্থিত পাত্রসায়ের ব্লক অফিস, থানা এবং ফরেস্ট অফিস।
এই মহাবিদ্যালয়ের আই কিউ এ সি-র এন এস ইউনিট ও শরীর শিক্ষা বিভাগের সম্মিলিত ব্যবস্থাপনায় এবং কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল বিগত বুধবার। উদ্বোধন করেন সোনামুখী বিধান সভার মাননীয় বিধায়ক দিবাকর ঘরামি।
‘রক্তদান যে জীবন দান’ সেই বিষয়ের উপর উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য রাখেন। সমাজ সেবামূলক এই কাজের জন্য সর্ব স্তরের মানুষ এর এগিয়ে আসা যে মানবিক দায়িত্ব সেই বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ছিল উৎসাহ উদ্দীপনায় ভরপুর। এই মানবিক রক্তদান শিবিরে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ৫০ এর অধিক নারী ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
কলেজের অধ্যক্ষ ডক্টর সন্তোষ কোনার ও ‘এন এস এস’ এর প্রোগ্রাম অফিসার মহাশয় অনুষ্ঠানের সাফল্যের নিরিখে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন সহ ধন্যবাদ জানান।
নতুন গতি 























