দেবজিৎ মুখার্জি: ঘড়ির কাঁটায় ৭টা বেজে ৩০ মিনিট হলে মুল্লানপুরে একে অপরের মুখোমুখি হবেন বৈভব-অভিষেকরা। বুধবার চলতি আইপিএলের ‘প্লে অফ’এর দ্বিতীয় ম্যাচ। ট্রফিকে পাখিরচোখ করে যে দুই দলই নিজেদের সবটা দেবে এবং সেক্ষেত্রে ম্যাচ যে বেশ টানটান উত্তেজনায় ভরা হবে, তা কার্যত স্পষ্ট। আজকের ম্যাচের জয়ী দল অবশ্য সরাসরি ফাইনালে যাবে না। তাদের দ্বিতীয় কোয়ালিফাইয়ের খেলতে হবে গুজরাটের বিরুদ্ধে এবং তারপরই ঠিক হবে কারা বিরাট কোহলিদের বিরুদ্ধে ফাইনালে নামবে।
বড় ম্যাচের আগে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে দেন যে ‘অরেঞ্জ আর্মি’ বিন্দুমাত্র হালকা ভাবে নিচ্ছে না রাজস্থানকে। বৈভব সূর্যবংশীকে নিয়ে তাঁদের কী পরিকল্পনা, তাও তুলে ধরেন তারকা অজি পেসার। প্যাটের বক্তব্য, বৈভাবের মতো ব্যাটারদের জন্য একটি পরিকল্পনা যথেষ্ট নয়, বরং বিকল্প পরিকল্পনাও রাখতে হয়।
এসআরএইচ অধিনায়ক বলেন, “একজন বোলার হিসেবে গুরুত্বপূর্ণ নিজের স্ট্রেন্থ এরিয়া বুঝে সেই অনুসারে বল করা। কিন্তু প্রতিপক্ষ দলে এমন এক-দু’জন থাকে যারা একাই ক্ষমতা রাখে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। তাই প্ল্যান বি কিংবা প্ল্যান সি নিয়েও ভাবতে হয় তাদের বিরুদ্ধে।” এরপরই বৈভব প্রসঙ্গে তিনি বলেন, “একই জিনিস আমরা করব সূর্যবংশীর ক্ষেত্রেও। আমাদের বিরুদ্ধে গত ম্যাচে ও সেঞ্চুরি করলেও কিছু সময় ছিল যখন আমরা ওকে আটকে রেখেছিলাম। আবার কিছু সময় ও ম্যাচ পুরোপুরি বের করে নিয়ে গিয়েছিল। সেখান থেকেই শিক্ষা নিতে হবে।”
প্রসঙ্গত, চলতি আইপিএলে এই পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে বৈভব সূর্যবংশীর মোট সংগ্রহ ৫৮৩ রান, যার মধ্যে রয়েছে একাধিক বড় ইনিংস। সেক্ষেত্রে দেখার বিষয় যে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি একইরকমভাবে পারফর্ম করতে পারেন কিনা। কী হয় শেষ পর্যন্ত? সেটাই এখন দেখার। তবে দুই দলের ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই যেমন ভারসাম্য রয়েছে, তাতে ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা না বললেও বোঝা যায়। সেক্ষেত্রে দেখার যে কারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে লড়াইতে।
নতুন গতি 





























